মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> মিয়ানমারের বিভিন্ন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সেনাবাহিনীর ভয়াবহ লড়াইয়ের খবর রাখাইন রাজ্যের স্বজনদের মাধ্যমে পাচ্ছেন এপারের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারা। স্বজনদের নিয়ে তাদের মধ্যে কাজ করছে ভয়। যুদ্ধ পরিস্থিতিতে যোগযোগের সমস্যার কারণে অনেকে আবার সঠিক খবরও পাচ্ছেন না।
আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদের বাড়িঘরে আশ্রয় নিয়েছে এমন সন্দেহ থেকে হেলিকপ্টারে অনবরত গুলিবর্ষণ করা হচ্ছে। তাতে অনেকে হতাহত হচ্ছেন; কিন্তু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। প্রাণ বাঁচাতে অনেকে বাড়িঘরও ছেড়েছেন।
যেটুকু খবর মিলছে, তাতে রাখাইনের পরিস্থিতি খুব নাজুক চেহারা পেয়েছে বলে ক্যাম্পবাসী রোহিঙ্গাদের ধারণা। সেখানে লড়াইয়ের মধ্যে রোহিঙ্গাদের বসতিতে নিয়মিত অগ্নিসংযোগও করা হচ্ছে।
সংঘাতের মধ্যে রাখাইন রাজ্যে মোবাইল নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। অনুপ্রবেশ রোধে এরই মধ্যে বাংলাদেশ সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থা নিয়েছে বিজিবি। ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বেড়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার বিকালে বলেন, “আমরা বিভিন্ন সূত্র, অসমর্থিত মাধ্যম থেকে যে খবরাখবর পাচ্ছি তাতে, রাখাইনের পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশে বসবাস করা প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।
“এখানে যারা রোহিঙ্গা ক্যাম্পে আছেন, তাদের স্বজনরা সেখানে রয়েছেন। ফলে সেখানকার যুদ্ধের প্রতিক্রিয়া এখানে পড়বে, এটাই তো স্বাভাবিক।”
২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই জান্তাবিরোধী বিভিন্ন বিদ্রোহী ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী মিয়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর–পশ্চিশাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের তিনটি জাতিগত বিদ্রোহী বাহিনী একজোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। বাহিনীগুলো হল- তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি-টিএনএলএ, আরাকান আর্মি-এএ এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি-এমএনডিএএ। তারা শান, রাখাইন, চীন ও কেয়াহ রাজ্যে লড়াই চালাচ্ছে। বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সেনাপোস্ট দখল করে ইতোমধ্যে তারা সাফল্য দেখিয়েছে।
আরাকান আর্মি (এএ) এই জোটের অন্যতম অংশ। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সংখ্যালঘু নৃগোষ্ঠীর একটি সশস্ত্র বাহিনী এটি। তারা রাখাইনের বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। মিয়ানমারের প্রায় ৬০০ সেনা মিজোরামের লঙ্গটলাই জেলায় আসাম রাইফেলসের শিবিরে আশ্রয় নিয়ে আছে। মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির (এএ) যোদ্ধারা সেনাবাহিনীর শিবির দখল করার পর এসব সেনা ভারতে পালিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া, তুলাতুলি ও কাঞ্জরপাড়া সীমান্ত, উখিয়া উপজেলার পালংখালির আনজুমান পাড়া এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা তুমব্রু ও ঘুমধুম এলাকায় বেশি গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।
রাখাইনে সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব পড়ছে সীমান্তের এপারের জনগোষ্ঠীর মধ্যেও। শনিবার সংঘর্ষের খবরের মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া এলাকার নুরুল ইসলামের বাড়িতে একটি গুলি এসে পড়লে আতঙ্ক তৈরি হয়।
গোলাগুলির ঘটনায় আতঙ্কে সোমবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ছুটি’ দিয়ে দেওয়া হয়। তবে মঙ্গলবার স্কুলগুলো ফের খুলেছে বলে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা।
২০২২ সালের অগাস্টের শেষ ও সেপ্টেম্বরের শুরুতে মিয়ানমারের যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে বাংলাদেশের সীমানার ভেতর গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। অনেক মানুষ আতঙ্কে সীমান্ত ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। তখন দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে এর প্রতিবাদ, নিন্দা ও উদ্বেগের কথা জানিয়েছিল ঢাকা।
এবারও লাগাতার সংঘর্ষের মধ্যে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়েছে বিজিবি। সম্প্রতি বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি পুরো মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি চলছে। যার প্রভাব বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যেও এসে পড়েছে। প্রতিনিয়ত সেখানকার অস্থিতিশীল অবস্থা ও সংঘাতময় পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে।”
মঙ্গলবার টেকনাফ ও উখিয়া বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী অন্তত ১০ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা গ্রামগুলোতে লড়াইয়ের মধ্যে অগ্নিসংযোগ করা হচ্ছে। সে কারণে অনেকেই বাড়িঘর ছেড়ে যাচ্ছেন। কিন্তু অধিকাংশই কোথাও যেতে পারছেন না। তারা কার্যত অবরুদ্ধ দশায় পড়েছেন।
টেকনাফের জাদিমুরা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের উপ-কমিউনিটি নেতা (সাব-মাঝি) মোহাম্মদ আয়াজ বলেন, “আগে বার্মার মানুষের খোঁজ-খবর নিতাম। বার্মার মানুষ সরাসরি গুলি মারছে মুসলমান পাড়ায়। এক পাড়া থেকে অন্যপাড়ায় পালিয়ে যাচ্ছে… মানুষগুলো খুব অসুবিধায়। রাস্তাঘাটে বা কোথাও বের হতে পারছে না। খুব অসুবিধায় আছে। খেতে পারছে কি-না জানি না।
তিনি বলেন, “কয়েক দিন ধরে ওই রাজ্যের একাধিক গ্রামে বিমান হামলা চালিয়ে আসছে জান্তা সরকারের সেনারা। সশস্ত্র বিদ্রোহীদের কাছ থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিতে অনেক গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এতে অনেক রোহিঙ্গার হতাহতের খবর আসছে আমাদের কাছে।”
আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, “মিয়ানমার অভ্যন্তরে অব্যাহত সংঘর্ষে সেখানকার বেশকিছু রোহিঙ্গা বসতি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আরাকানে বসবাসকারি রোহিঙ্গাদের দেওয়া তথ্য মতে, এরই মধ্যে কয়েক শত রোহিঙ্গা হতাহত হয়েছেন। মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া গুলি ও গোলাবর্ষণে কয়েকটি গ্রামের বসতি সম্পূর্ণ পুড়ে গেছে।
“অনেকে নিজের গ্রামে বন্দি অবস্থায় রয়েছেন। এতে খাদ্যসহ জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপকরণেরও সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে তাদের (রোহিঙ্গা) নিজ এলাকা ছাড়া কোথাও যাতায়ত করা সম্ভব হচ্ছে না।
আরাকানে এখনও পাঁচ থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা রয়েছে জানিয়ে মোহাম্মদ জোবায়ের বলেন, এ পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রিত আত্মীয়-স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। অথচ তারা কোনো খবর পাচ্ছেন না।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান বলেন, “আমি যতটুকু জানি, মিয়ানমারে আরও পাঁচ থেকে ছয় লাখ রোহিঙ্গা রয়েছে। বিশেষ করে মংডু, বুচিডং এসব অঞ্চলে বেশি। বুচিডং এলাকায় রোহিঙ্গা গ্রামগুলোতে যুদ্ধ হয়েছে।
“বিশেষ করে বোমা বর্ষণের কারণে হতাহত হয়েছে। সঠিক সংবাদ না পেলেও আমরা শুনেছি যে, বুচিডংয়ের টাউনশিপ হাসপাতালে জায়গা হচ্ছে না আহত-নিহতদের কারণে।”
“ওই অঞ্চলে আমার অনেক আত্মীয়-স্বজন আছে। তাদের কাছ থেকে নিয়মিত তথ্য পাই। তারা আমাদের জানাচ্ছে, মুসলিম গ্রামগুলোতে প্রতিপক্ষ যোদ্ধারা আশ্রয় নিচ্ছেন এই অভিযোগে মিয়ানমার সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে আক্রমণ করছে।
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর শরণার্থী মোহাম্মদ মুছা বলেন, রাখাইন রাজ্যের বুচিডং অঞ্চলে বেশ কিছুদিন ধরে মুসলমানদের পাড়ায় পাড়ায় ব্যাপক আক্রমণ হচ্ছে বলে তাদের কাছে খবর আসছে।
“হেলিকপ্টার নিয়ে অগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের বোমা ও গ্রেনেডসহ নানা ধরনের মারাত্মক মরণাস্ত্র দিয়ে আক্রমণ করা হচ্ছে। এতে অনেক মানুষের অঙ্গ উড়ে যাচ্ছে। আবার অনেকের শরীর ঝাঁজরা হয়ে করুণ মৃত্যু হচ্ছে। আবার যারা আহত হয়ে বেঁচে আছেন তারাও হাসপাতালে জায়গা না থাকায় চিকিৎসা নিতে পারছেন না। এভাবে চিকিৎসা না পাওয়ায় অনেক মানুষ মারা যাচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি।”
যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন
এ সপ্তাহের শুরুতেও রাখাইনে আত্মীয়-স্বজনদের সঙ্গে মাঝেমধ্যে যোগাযোগ করতে পারতেন কক্সবাজারের ক্যাম্পে তাকা রোহিঙ্গারা। কিন্তু দু-তিন ধরে সেভাবে আর যোগাযোগ হচ্ছে না বলে জানালেন তারা।
টেকনাফের জাদিমুরা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-মাঝি মোহাম্মদ আয়াজ বলেন, “এখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। কারো বিদেশেও খবর নেওয়ার নেই, বাংলাদেশেও খবর নিতে পারছে না।”
টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা মোহাম্মদ আলম, “একসময় অবৈধ সিম ব্যবহার করে কেউ কেউ পরিবারের সদস্যদের খোঁজ নিতেন। এখন ওখানে সিম ব্যবহার করা একেবারে কষ্টসাধ্য হয়ে পড়েছে। অন্য দেশের সিম ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে।”
বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মিয়ানমার দিক থেকে ছুড়া বেশ কিছু মর্টার শেল ও গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।”
তবে এ নিয়ে বিজিবির সদস্যরা পুরো সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে কোনো রোহিঙ্গার যাতে অনুপ্রবেশ না ঘটে এ ব্যাপারে বিজিবি সতর্ক রয়েছে। পাশাপাশি সীমান্তের পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।” যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির প্রস্তুতি রয়েছে বলে জানান সাইফুল ইসলাম চৌধুরী।