মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪>> চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়ুনান প্রদেশে এক ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন এক হাজারেরও বেশি উদ্ধারকারী।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ঝাওটং শহরে ওই ভূমিধ্বসের ঘটনা ঘটে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বশক্তি দিয়ে নিখোঁজদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।
খবরে জানানো হয়, এখনও ১৯ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যম। উদ্ধারকৃতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি খাড়া পাহাড়ের চুড়ার পতনের ফলে এই ভূমিধসের সূত্রপাত হয়। এটি ছিল প্রায় ৩৩০ ফুট চওড়া, ২০০ ফুট উচু। তবে কীভাবে চুড়াটি ভেঙে পড়লো তা জানা যায়নি।
বর্তমানে ওই এলাকার তাপমাত্রা শূন্যেরও নিচে।
লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন ওই ভূমিধস হয়েছে। প্রচণ্ড শব্দ হয়েছিল এবং চারদিক কেঁপে উঠছিল। প্রাথমিকভাবে সবাই ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ক্লিপগুলোতে দেখা যাচ্ছে উদ্ধারকারীরা বরফে ঢাকা ধ্বংসস্তূপের ওপর দিয়ে হাঁটছেন। ভেঙে পড়া ভবনগুলোতে ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
চীনের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলো বেশ ভূমিধসপ্রবণ। বন্যাও হয় প্রায়ই। এই এলাকায় অনেক কয়লা খনিও রয়েছে। নিউজ চায়না আরেক গ্রামবাসীর বরাত দিয়ে বলেছে যে, সেখানকার বেশিরভাগ বাসিন্দাই বৃদ্ধ ও শিশু। চীনা ভাইস প্রিমিয়ার ঝাং গুওকিং উদ্ধার অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারি মাসে একই এলাকায় আরেক ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছিল। এ খবর দিয়েছে ফক্স নিউজ।