বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: ময়মনসিংহে দুই চেয়ারম্যানকে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে। কাজ না করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন তিনি।
ময়মনসিংহ-৭ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী এবিএম আনিছুজ্জামান ২০ ডিসেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশনের একটি অভিযোগ দিয়েছেন। সেখানে ত্রিশাল থানার ওসি কামাল হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন।
অভিযোগে এবিএম আনিছুজ্জামান উল্লেখ করেন, উপজেলার বৈলর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান শাহানশাহ ও ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল আহাম্মদকে সম্প্রতি নৌকার প্রার্থী হাফেজ রুহুল আমীন মাদানীর পক্ষে কাজ করার নির্দেশ দেন ওসি কামাল হোসেন।
তা না হলে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হবে বলে হুমকি দেন তিনি। একই সঙ্গে তার নির্দেশে ধানীখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম ধানীখোলা ইউনিয়নের ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে গ্রেফতার করে জেলে ঢুকানোর হুমকি দিয়ে আসছেন।
এ বিষয়ে ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল বলেন, ১৯ ডিসেম্বর আমার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা যায়। বিষয়টি খোঁজ নিতে থানায় গেলে ওসি কামাল হোসেন আমাকে জিজ্ঞাসা করেন যে- আপনি কার নির্বাচন করছেন? এখনো কোনো সিদ্ধান্ত নেইনি বলে জানালে ওসি নির্দেশ দিয়ে বলেন, নৌকার পক্ষে কাজ করতে হবে। আপনাকে দুদিনের সময় দিলাম। ভেবে আমাকে জানাবেন। এছাড়াও নানাভাবে তিনি হুমকি-ধমকি দিচ্ছেন।
বৈলর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান শাহানশাহ বলেন, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় একটি মামলার বিষয়ে জানতে ওসির সঙ্গে দেখা করতে যাই। সেখানে গেলে ওসি বলেন, আপনি তো স্বতন্ত্র প্রার্থীর পক্ষের কাজ করছেন। তা করা যাবে না। আপনাকে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানীর পক্ষে কাজ করতে হবে। যদি তা না করেন তাহলে সমস্যায় পড়বেন।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, অন্য মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনেছি। এমন অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। কারও সঙ্গে নৌকায় ভোট দেওয়া নিয়ে কথা হয়নি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি কাউকে কোনো ধরনের হুমকি বা মামলার ভয় দেখাইনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নম্বরে কল দিলে তিনি বলেন, যেহেতু নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে বিষয়টি দেখবেন। জানতে চাইলে ময়মনসিংহ-৭ আসনের নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানীর নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।