বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এ নীতিবাক্যকে হৃদয়ে ধারণ করেই তার পথচলা। অসহায় ইয়াতিম, গরীব ও দুখি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই তার নেশা। বলছি বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পালের কথা। পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই নিজেকে বিলিয়ে দেন মানবসেবায়।
এ কাজে নিয়োজিত হাতেগোনা যে কজন পুলিশ কর্মকর্তা রয়েছেন চৌকশ ওসি শিশির কুমার পাল তাদের মধ্যে অন্যতম। তিনি বানারীপাড়া থানায় যোগদানের পর থেকে থানার পরিবেশ পাল্টানোর জন্য নানা পদক্ষেপ শুরু করেছেন। তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। অসহায় ও দুখি মানুষের খোঁজ-খবর পেলেই তিনি তাদের কাছে গিয়ে সহানুভূতি জানান। প্রয়োজনে তাকে নিয়ে ভর্তি করান হাসপাতালে। চিকিৎসার যাবতীয় খোঁজ-খবর নেন তিনি। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজ হাতে তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন। থানায় বিচারপ্রার্থীরা যেন সুবিচার পায় সে বিষয়টিও তিনি নিজে নজরদারি করেন।
এ কাজে তাকে সহযোগিতা করেন বানারীপাড়া থানার আরেক মানবসেবক পুলিশ খ্যাত সপ্তমবারের মতো বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই মো. জাহিদুল ইসলাম। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ওসি শিশির কুমার পালের কাছে এক অসহায় মহিলা এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি জানতে পারেন তার নাম মোসা. জাহানারা(৬৫), স্বামীর নাম শামশের আলী(৭৫)। তার বাড়ি বানারীপাড়া সদর উপজেলার জম্বদ্বীপ গ্রামে। তার স্বামী শ্বাসকষ্টজনিত রোগে বিছানায় শয্যাশায়ী। তার জন্য টাকার অভাবে গ্যাস(ইনহেলার) কিনতে পারছেন না। ওসি সাহেব তাৎক্ষণিকভাবে এএসআই জাহিদুল ইসলামকে ডেকে এনে
মহিলার স্বামীর জন্য ইনহেলার কেনার টাকা দিয়ে দেন। জাহিদুল ইসলাম ইনহেলার এনে দিলে খুবই খুশি হয়ে মহিলা তাদের জন্য দোয়া করেন।
এ বিষয়ে জানতে চাইলে ওসি শিশির কুমার পাল বলেন, পরের জন্য সাধ্যমতো কিছু করতে পারলে ভালো লাগে। এটা আমার ধ্যান ও জ্ঞান। আমি সবসময়ই এ ধরণের কাজ করে থাকি। আমি সকলকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানাই। সবাই সহযোগিতা করলে দেশ আরও সমৃদ্ধ হবে।