বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বাচল শেখ হাসিনা সরণির সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেছে। তার নাম নুরুল ইসলাম। তিনি রাজধানীর সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ী। আহতরা হলেন, নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, গাড়িচালক শুক্কুর আলী, আরেক প্রাইভেকারের চালক মিলন, যাত্রী সজিবসহ পাঁচ জন।
স্থানীয়দের বরাত দিয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি সড়কের একপাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। তখন কাঞ্চনগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, এসময় দুটি প্রাইভেটকারের চালকসহ আট জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস, রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনালের হাসপাতালে নিয়ে যায়।কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এডি লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিন জন মারা যান। আহতদের মধ্যে দুই জনকে ঢামেক হাসপাতাল ও তিন জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার দুটি জব্দ করেছে বলে জানা গেছে।