শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এ দুর্ঘটনায় দুই পথচারীসহ নিহত হন ৩ জন। আহত হন অন্তত ১০ জন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদেপল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) এবং দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।
আহতরা হলেন- বাসযাত্রী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মিল্লাত (২৩), নওগাঁ জেলার আরিফুল ইসলাম (২৮), ঢাকা মগবাজার এলাকার সাবিনা (৩৫), তার মেয়ে তানহা (১০), মোটরসাইকেল আরোহী আবু কামালসহ বাসের আরও পাঁচজন যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা পৌনে ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হাড়িখোলা মাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ ১০-১২ জন বাসযাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীরও মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) নাজমূল হুদা বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।