বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: ভাড়াটে সশস্ত্র ক্যাডার নিয়ে আপন খালার জমি দখল ও হামলা চালিয়ে হত্যাচেষ্টার মামলায় পুলিশের এএসআই আশরাফুল ইসলামসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার রাজশাহীর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম এ আদেশ দেন।
এর আগে তাকে সাময়িক বরখাস্ত করেন বগুড়া জেলার পুলিশ সুপার। এএসআই আশরাফুল বগুড়া জেলা পুলিশে কর্মরত। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরের সিঙা গ্রামে। অভিযোগে জানা যায়, দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামের ব্যবসায়ী বকুল ইসলাম বাদী হয়ে এএসআই আশরাফুল ইসলাম, তার ছেলে আকাশ ও ভাড়াটে ক্যাডার শরিফুলসহ কয়েকজনকে আসামি করে গত ১৭ জুন দুর্গাপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
গত ৩১ জুলাই মামলাটির চার্জশিট দেন দুর্গাপুর থানার এসআই নজরুল ইসলাম। চার্জশিট দাখিলের পর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১১ জুন এএসআই আশরাফুল সশস্ত্র লোকজন নিয়ে তার খালা রাবেয়া বেগমের জমি দখল করতে যান। এ সময় সন্ত্রাসীরা রাবেয়া বেগমসহ কয়েকজন নারীকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। রাবেয়া বেগমের ছেলে বকুল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলাটি করেন।
জানা গেছে, পুলিশের এএসআই আশরাফুল বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন। তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে আসলে রোববার বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।