বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> ফিলিপাইনের লুজন দ্বীপের কাছে দক্ষিণ চীন সাগরের অতলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। ১৯৪২ সালে মন্টেভিডিও মারু নামের জাপানের পরিবহন জাহাজটি অস্ট্রেলিয়ার হাজারও বন্দী সেনা ও যাত্রী নিয়ে সাগরে তলিয়ে গিয়েছিল।
পরে অস্ট্রেলিয়ার সমুদ্রবিষয়ক প্রত্নতত্ত্ব গ্রুপ সাইলেন্টওয়ার্ল্ড ফাউন্ডেশন জাহাজটির সন্ধান বের করতে উদ্যোগ নেয়। সমুদ্রতলের অনুসন্ধানকারী ডাচ প্রতিষ্ঠান ফুগ্রো তাদের সহায়তায় এগিয়ে আসে। একটি স্বয়ংক্রিয় যন্ত্র (এইউভি) দিয়ে দক্ষিণ চীন সাগরে ৪ হাজার মিটারের বেশি গভীরে জাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত হয়। উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসবশেষের অবস্থান থেকেও বেশি গভীরে এটির অবস্থান।
অনুসন্ধানকারী দলের কারিগরি বিশেষজ্ঞ ক্যাপ্টেন রজার টার্নার বিবিসিকে বলেন, ‘জাহাজটি যেন একটি যুদ্ধসমাধিস্থল । এটিকে আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। এমন জাহাজ দেখা সত্যিই একটি আবেগময় বিষয়। হাজারো বন্দী এই জাহাজে চিরঘুমে রয়েছে।’
আল-জাজিরা জানায়, দীর্ঘ প্রায় ৮০ বছর সাগরতলে জাহাজটির অবস্থান অজ্ঞাত ছিল। ১৯৪২ সালের ১ জুলাই যুদ্ধবন্দী অস্ট্রেলীয় সেনাদের নিয়ে মন্টেভিডিও মারু জাহাজটি পাপুয়া নিউ গিনি থেকে চীনের হাইনান প্রদেশের উদ্দেশে যাচ্ছিল। তবে যাত্রাপথে একটি মার্কিন ডুবোজাহাজের আঘাতে এটি সাগরে তলিয়ে যায়। জাহাজে যুদ্ধবন্দি থাকার বিষয়টি জানত না মার্কিন ডুবোজাহাজের নাবিকরা। এই দুর্ঘটনায় ৯৭৯ অস্ট্রেলীয়, নরওয়ের ৩৩ নাবিক এবং জাপানের ২০ নাবিক ও প্রহরী প্রাণ হারায়। প্রায় হাজারো অস্ট্রেলীয় সেনা নিয়ে জাহাজডুবির এই ঘটনাটি দেশটির ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি।
সাইলেন্টওয়ার্ল্ড ফাউন্ডেশন জানায়, জাহাজের ধ্বংসাবশেষ সাগরতলেই থাকবে। জাহাজে থাকা মরদেহাবশেষ বা কোন জিনিসপত্র তুলে আনা হবে না।