বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টিভস) মুক্তিযুদ্ধে বাংলাদেশে সংঘটিত পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি প্রস্তাব আনা হয়েছে । দেশটির দুই আইনপ্রণেতা রো খান্না ও স্টিভ চ্যাবট শুক্রবার নিম্নকক্ষে প্রস্তাবটি তোলেন।
ডেমোক্র্যাট নেতা কংগ্রেসম্যান রো খান্না টুইটে লেখেন, প্রস্তাবে গণহত্যার শিকার লাখো জাতিগত বাঙালি এবং হিন্দু নিহত হয়েছেন কিংবা বাস্তুচ্যুত হওয়ার কথা তুলে ধরা হয়েছে। গণহত্যার শিকার লাখো মানুষের স্মৃতিকে মুছে যেতে দেওয়া ঠিক নয়। এ গণহত্যার স্বীকৃতি অপরাধীদের এই বার্তা দেবে যে, এ ধরনের অপরাধ সহ্য করা হবে না কিংবা কেউ ভুলে যাবে না।
প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
রিপাবলিকান দলের কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট টুইটে লেখেন, ‘১৯৭১ সালের বাংলাদেশে চালানো গণহত্যার ঘটনা ভুলে যাওয়া উচিত হবে না। বাঙালি ও হিন্দুদের ওপর চালানো নৃশংসতা ও গণহত্যার স্বীকৃতি দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছি।’