শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশালে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থপনার বিরুদ্ধে বিএনপি। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি’র উদ্যোগে আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, এবাদুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, একটা ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন ও ক্ষমতাহীন নির্বাচন কমিশন বানিয়েছে সরকার। তারা সংলাপ করে আর বলে নির্বাচন আমরা নিরপেক্ষ দেব। আবার মাঝে মধ্যে এ কথাও বলে সরকার যদি নিরপেক্ষ না থাকে আমরা পক্ষপাতহীনভাবে কাজ করতে পারবো না। একই সংস্থা দুই কথা বলে।
এসময় তিনি আরও বলেন, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিষ্কার করে জানিয়ে দিয়েছে- এই সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। আর আপনারা যতই ডাকেন আমরা সাড়া দেব না। এই সরকারকে আগে বিদায় নিতে হবে। তারপর যদি আপনারা (নির্বাচন কমিশন) ডাকেন বিএনপি বিবেচনা করতে পারে- কীভাবে বসা যায়।
দলের সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে, নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি’র ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সদর রোডের দলীয় কার্যালয়ের সমাবেশে গিয়ে যোগ দেয়। বিএনপি’র সমাবেশ উপলক্ষে যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।