শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> সুষ্ঠু ফৌজদারী বিচার নিশ্চিত করণার্থে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন শুক্রবার বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা। সভায় আরও বক্তব্য রাখেন শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, পুলিশ সুপার (পিবিআই) হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহির উদ্দিন, সিনিয়র জেল সুপার রত্না রায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজ আলম, মনিরুজ্জামান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া রিজভী মৌরী, শারমিন সুলতানা সুমি, মওদুদ আহমেদ, মোঃ নুরুল আমিন, মাহফুজুর রহমান, রেনেসা খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট লস্কর নুরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব ৮) রেজাউল করিম প্রমুখ। সভায় বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন। সম্মেলনে মামলার পেন্ডিং প্রসেস জারীর ক্ষেত্রে সমস্যা সমূহ চিহ্নিত ও দূরীকরণ, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা-যাওয়া কালীন নিরাপত্তা, অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দূরীকরণ, কারাগার থেকে বিচারাধীন মামলার আসামীদের সময়মত আদালতে হাজিরকরণ, ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিতকরণ, আদালত অঙ্গন, বিচারক ও আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিন্ত করণ, মালখানা থেকে সময়মত আলামত হাজিরকরণ, ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ, আদালতের নির্দেশনা মোতাবেক যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ নিশ্চিতকরণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের বিষয়ে পরামর্শ দেয়া হয়। সভায় পুলিশ সুপার মারুফ হোসেন পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হওয়ায় তাকে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।