বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>নেপালের পশ্চিমের জেলা হুমলা ভূখণ্ডে হস্তক্ষেপ করছে চীন। নেপাল সরকারের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
প্রতিবেদনটির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনের বিরুদ্ধে নেপালের পক্ষ থেকে এই প্রথম এ ধরনের আনুষ্ঠানিক আপত্তি জানানো হলো।আর নেপালে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে কাঠমান্ডুতে অবস্থিত চীনের দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এ নিয়ে কোনো সংকট নেই।
নেপাল ও চীনের মধ্যে এক হাজার ৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে যা হিমালয় পর্বতে। প্রতি এক কিলোমিটার দূরত্বে পিলার দিয়ে দুই দেশের সীমানা চিহ্নিত রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সম্ভাব্য এ অনুপ্রেবেশের খবরে নেপাল সরকার হুমলা জেলায় একটি টাস্কফোর্সও পাঠায়। নেপালের সীমানার ভেতরে চীন স্থাপনা নির্মাণ করেছে এমন তথ্য চাউরও হয়েছিল।
টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নিরাপত্তা বাহিনী সীমান্তে নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে নেপালের লালুংজং এলাকা দিয়ে তীর্থযাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটাচ্ছে। টাস্কফোর্স দলের সদস্যরা দেখতে পেয়েছেন, সেখানে সীমান্ত পিলারের কাছে বেড়াও নির্মাণ করছে চীন। সেখানে তারা নেপালের অংশে খাল খনন ও সড়ক নির্মাণের চেষ্টা করছে।
এদিকে নেপালের স্থানীয়রা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে চায় না বলে টাস্কফোর্স দলের প্রতিবেদনে উঠে এসেছে। কারণ হিসেবে বলা হয়েছে, তাদের অনেকেই সীমান্তে চীনের বাজারে নিয়মিত যান।