বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>দক্ষিণ সুদান সে দেশের বিশাল পতিত জমি বাংলাদেশকে লিজ দিতে চায় এবং বিভিন্ন ফসল উৎপাদনে বাংলাদেশের সহযোগিতা চায়। এ বিষয়ে সহযোগিতার সুনির্দিষ্ট খাত চিহ্নিত করতে একটি বিশেষজ্ঞ টিম পাঠাবে বাংলাদেশ।
এ টিমে কৃষি গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণকর্মীসহ বিশেষজ্ঞরা থাকবেন।মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দক্ষিণ সুদানে ছয় লাখ বর্গকিলোমিটারের বেশি জমি আছে। এর বেশির ভাগ জমি পতিত পড়ে থাকে, চাষাবাদ হয় না। এ বিশাল এলাকাকে কৃষি উৎপাদনের আওতায় এনে অনেক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
সে দেশের খাস জমি লিজ নিয়ে ফসল উৎপাদন নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তাদের অনেকে আগ্রহ প্রকাশ করেছে। সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
মন্ত্রী বলেন, আমরা দক্ষিণ সুদানে কী ফসল উৎপাদন করা যায়, জমি কীভাবে চাষের আওতায় আনা যায় তা দেখতে একটি বিশেষজ্ঞ টিম পাঠাব। তাদের রিপোর্টের ভিত্তিতে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হবে।
দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক সে দেশে কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কৃষিখাতে আমরা বাংলাদেশের সাফল্য ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।