শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০০ জন। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ শতাংশ। সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তারের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১০৮ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫০২ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৯৬ জন। মোট মারা গেছেন ২৩২ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় ১৪৯ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৫৯ জন পজিটিভ ও ৮৮ জন করোনা নেগেটিভ হয়েছেন। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ শতাংশ।
করোনায় নতুন করে পটুয়াখালীতে শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৫ জন। ভোলায় নতুন ২৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০৫ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৮ জন।
করোনায় নতুন পিরোজপুরে ৪৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৩৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। নতুন করে কেউ সুস্থ না হলেও মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৩১১ জন।
বরগুনায় নতুন ৩১ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৫৭ জন। মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৯০ জন। ঝালকাঠিতে নতুন ৪৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫১ জন।
বরিশাল বিভাগের শুরু থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৯২১ জন।