বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>> ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি নতুন মূর্তি ভারতের গোয়া রাজ্যে বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ভারতীয় খেলোয়াড়ের পরিবর্তে একজন পর্তুগিজ ফুটবলারকে সম্মানিত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। কারণ গোয়া এক সময় পর্তুগালের উপনিবেশ ছিল।
গোয়া রাজ্য সরকারের মন্ত্রী মাইকেল লোবো বুধবার টুইট করেছেন, মূর্তিটির লক্ষ্য ফুটবলকে একটি খেলা হিসেবে প্রচার করা এবং তরুণদের খেলাটি খেলতে অনুপ্রাণিত করা। পরে তিনি বলেন, মানুষ যখন ফুটবল নিয়ে কথা বলে, তখন তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলে। তাই আমরা এখানে এই মূর্তিটি স্থাপন করেছি, যাতে ছেলেরা এবং মেয়েরা খুব অল্প বয়সে অনুপ্রেরণা পায়। তারা যাতে অনুপ্রাণিত বোধ করে এবং এই খেলাটির প্রতি ভালবাসা এবং আবেগ বৃদ্ধি পায়।
ভারতের আইএএনএস নিউজ এজেন্সি জানাচ্ছে, গোয়ার প্রধান শহর পানাজিতে ৪০০ কেজি (৮৮২-পাউন্ড) ওজনের মূর্তি উন্মোচনের পরদিন শহরবাসী প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের সময় বুধবার তারা কালো পতাকা বহন করে একটি স্থানে জড়ো হয়। একজন বিদেশি ফুটবলারকে সম্মান জানানোর সিদ্ধান্তে তাদের এই প্রতিবাদ।
গোয়ার ওই মন্ত্রী আরো জানান, ১.৩ বিলিয়নের বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারত ফুটবলে অন্যান্য অনেক ছোট দেশের তুলনায় অনেক খারাপ অবস্থানে আছে। তাই ফুটবলকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা পর্তুগালের একজন খেলোয়াড়ের পছন্দের বিষয়টিকে একটি বিশেষ অপমান হিসেবে দেখছে। কারণ ইউরোপীয় দেশটি গোয়াকে কয়েক শতাব্দী ধরে উপনিবেশ হিসেবে দখল করে রেখেছিল। মাইকেল লোবো আইএএনএস-কে বলেন, বিক্ষোভকারীরা ফুটবলকে ঘৃণা করে। যদিও ক্রিকেট সামগ্রিকভাবে ভারতে সর্বাধিক জনপ্রিয় খেলা। তবে গোয়ায় ফুটবলের বেশি জনপ্রিয়তা রয়েছে।