সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল নগরীতে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগ নেতাসহ ২ জন নিহত হয়েছেন। সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল এক সহযোগীকে নিয়ে মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে শহরের আমতলা মোড় অতিক্রমকালে বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষ হয়। এতে তাদের দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা আহমেদ হোসেন রুবেল ও কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার উজ্জ্বল মাতুব্বর হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আমতলার মোড় সংলগ্ন এলাকায় যাওয়ার সময় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ওই মোটরসাইকেলের। এ সময় ওই দুই যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।