মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনার ভ্যাকসিন গ্রহণ করায়। মঙ্গলবার (২০ জুলাই) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি বলেন, শুরু থেকে বিএনপি নেতারা নানান অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন গ্রহণ করেছেন।
ওবায়দুল কাদের বলেন, সকল অপপ্রচার মিথ্যা প্রমাণ করে দেশে একের পর এক ভ্যাকসিনের চালান আসছে, বাড়ছে সরবরাহ। গণটিকাদানের বয়সসীমা কমিয়ে এর আওতা বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে ভ্যাকসিন আসার সাথে সাথে বয়সসীমা আরও কমিয়ে আনবে শেখ হাসিনা সরকার।
তিনি বলেন, সংকট ও দুর্যোগে তার দূরদর্শিতা ইতোমধ্যেই পরীক্ষিত। শেখ হাসিনা সংকট দেখলে জনমানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, গ্রহণ করেন চ্যালেঞ্জ। অন্যদিকে কথামালার ভাণ্ডার নিয়ে বিএনপি নেতারা সংকট দেখলে পালানোর পথ খোঁজেন এবং জনগণ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন।
জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবারও আস্থা রাখার আহবান জানান ওবায়দুল কাদের।