শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ।
গত রোববার ২২৫ ও শনিবার ২০৪ জনের মৃত্যু হয়। শুক্রবার ১৮৭ জন মারা যান। এর আগে, বৃহস্পতিবার ২২৬, বুধবার ২১০, মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার (১১ জুলাই) সর্বোচ্চ ২৩০ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৩ জন। এছাড়া খুলনায় ৫৭, চট্টগ্রামে ৪৩, রাজশাহীতে ১৬, বরিশালে ৬, সিলেটে ৮, রংপুরে ১৭ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।