সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: অস্ট্রেলিয়ার হয়ে আবার টস করতে পারবেন কিনা স্টিভেন স্মিথ, সেটির উত্তর দেবে সময়। তবে আনুষ্ঠানিক বাধা আর নেই। শেষ হয়েছে তার দুই বছরের নেতৃত্বের নিষেধাজ্ঞা।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। নিষেধাজ্ঞা কাটিয়ে ২২ গজে ফিরে দাপটে পারফর্ম করছেন আবার। কিন্তু একটি অস্বস্তি ঠিকই ছিল তার সঙ্গী। নেতৃত্ব থেকে তাকে দূরে রাখার বাধ্যবাধকতা ছিল আরও এক বছর। অবশেষে রোববার শেষ হয়েছে সেই নিষেধাজ্ঞা।
ব্যাটিংয়ের মতো নেতৃত্বেও নিজের ছাপ প্রবলভাবেই রেখেছিলেন স্মিথ। তীক্ষ্ণ ছিল তার বুদ্ধিমত্তা। মাঠে সাহসী পদক্ষেপ নিতে পিছপা হতেন না। দারুণ নেতৃত্বে দলকে নিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। ওই বল টেম্পারিং ঝড় পাল্টে দেয় তার ক্যারিয়ারের গতিপথ।
কেপটাউনের সেই কলংকের কালি লেগেছিল সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের গায়েও। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি।
তবে ভবিষ্যতে কখনোই আর অধিনায়কের কোনো পদে বিবেচিত হবেন না ওয়ার্নার, সেসময় জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।