বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ ঘেঁষেই পটিয়া পৌরসদরে গড়ে উঠেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস। ভবনের প্রবেশ মুখে বিদেশী দৃষ্টিনন্দন পাতা বাহারের গাছ। গেইট পেরিয়ে একটু সামনে যেতেই লাল সাদা ইটের ঘেরাতেই গড়ে তুলা হয়েছে বাহারী সব কাঁচা ফুলের বাগান।
বিভিন্ন রঙ-বেরঙের ফুলের এ বাগান থেকে ছড়াচ্ছে ফুলের সৌরভ। মনোরম সব ফুলের সৌরভে মন মাতিয়ে তুলছে কর্মকর্তা কর্মচারীসহ প্রতিদিন বিভিন্ন কাজে আসা শত শত গ্রাহকদের।
প্রতিষ্ঠানের এমন মন জুড়ানো দৃশ্যটি পাশ দিয়ে যাওয়া যে কারো দৃষ্টি আকর্ষণ করে।
জানাযায়, প্রতিবছর শীতের মৌসুমে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়ার এ অফিসটি বিভিন্ন ফুলের বাগানে সাজানো হয়। শীত মৌসুম ছাড়াও সারা বছরই এ প্রতিষ্ঠানের আশপাশে বিভিন্ন বাহারী ফুলের গাছ ও নানা জাতের পাতা বাহার ও ফল গাছে সজ্জিত থাকে।
মোহাম্মদ আলমগীর নামের এক গ্রাহক বিদ্যুৎ বিল দিতে এসে জানান, আমি প্রায় সময় এখানে বিদ্যুৎ বিল দেয়া ও বিভিন্ন কাজে আসি। এখানকার পারিপার্শ্বিক পরিবেশ টা বেশ পরিপাটি।
অফিসের চারপাশে বিভিন্ন ফুল ও ফলের বাগানে সজ্জিত। এতে গ্রাহকসহ দর্শনার্থীদের সুন্দর দৃশ্যগুলো আনন্দ দেয়। এগুলো দেখে মন ভরে উঠে। প্রতিটি অফিসে সাধ্য অনুযায়ী এভাবে ফুলে ফুলে সাজাতে পারলে অনেক সুন্দর দেখাতো। পরিবেশটাও বেশ সুন্দর হয়ে উঠতো।
জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়ার জেনারেল ম্যানেজার মো: আবু বকর সিদ্দীকী জানান, আমাদের অফিসে সারা বছরই বিভিন্ন ফুলে ফুলে সজ্জিত রাখা হয়। অফিস পক্ষ থেকে প্রায় সময় এ ফুলের বাগান পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মালি ও সুইপার রাখা হয়েছে।
শুধুমাত্র শীত মৌসুমেই এ বাগানের জন্য লক্ষ টাকা ব্যয় করা হয়ে থাকে। এ ফুলের বাগানের কারণে অফিস কর্মচারী থেকে শুরু করে গ্রাহকসহ সকলের মন প্রফুল্ল থাকে।