রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল (৭৬) আর নেই।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ বানারীপাড়া, উজিরপুর ও স্বরূপকাঠিতে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গলব্লাডারে অস্ত্রপচার হওয়ার পর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
১৮ মার্চ সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার রাতে তার লাশ নিয়ে দেশে আসার কথা রয়েছে। তার স্নেহভাজন বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পরে জানাজা ও দাফন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে বিএনপি থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রথমে জাতীয় সংসদের হুইপ ও পরে মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছিলেন। বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামে সৈয়দ শহীদুল হক জামালের জন্ম।
প্রথমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে তৃণমূল থেকে তার রাজনীতিতে অভিষেক ঘটে। তার মুত্যুতে বরিশাল-০২(উজবরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ সালেক হাওলাদকর, সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ডাকুয়া, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও
সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।