মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
বানারীপাড়া নিজস্ব প্রতিনিধি :: বানারীপাড়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাইশারী ইউনিয়ন কমান্ডের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় বাইশারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের সর্বকালের সেরা সন্তান। জাতি তাদের ঋণ কোনদিন ভুলবে না। আমি আমার সাধ্যমতো তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আমি সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে আছি’।
পরে বাইশারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা সংসদ বাইশারী ইউনিয়ন কমান্ডের সভাপতি বাবু জগন্নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেস ক্লাব সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, জিয়াউদ্দিন জুয়েল, সিরাজ ফকির, মোহাম্মদ হারেস প্রমুখ। মুক্তিযোদ্ধাদের মধ্যে মাহফুজুল আকন, আব্দুস সত্তার, হান্নান হোসেন তালুকদার, সিরাজুল ইসলাম, সোমেদ মোল্লা, আলী হোসেন তালুকদার, সিদ্দিকুর রহমান, গিয়াস উদ্দিন, শেখ খলিলুর রহমান, মন্নান চৌকিদারসহ ইউনিয়নের ৩০/৩৫ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের উদ্যোগে এবং বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের প্রচেষ্টায় বিদ্যালয়ের প্রায় ৫ শতাংশ জমি মুক্তিযোদ্ধা সংসদ বাইশারী ইউনিয়ন কমান্ডের নিজস্ব কার্যালয়ের জন্য দান করা হয়।
পরে মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষক বাবু সুজিত চক্রবর্তী।