শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ঢাকা ডেস্ক :: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ১৭০টি কেন্দ্র দখলের পায়তারা করছে অভিযোগ করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক পদক্ষেপ প্রত্যাশা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাচনি প্রচারণার শেষ দিনে রাজধানীর গোপীবাগ এলাকায় দিনের প্রচারণা শুরু করার আগে এক পথসভার তিনি এ অভিযোগ করেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, আমি গতকাল লক্ষ্য করেছি যে বিএনপি প্রার্থীর পিএস পরিচিত এক ব্যক্তি যিনি সে দিন গোলাগুলি করেছেন সেই ব্যক্তিকে আটক করা হয়েছে। এইভাবে সন্ত্রাসীরা যদি কোনো ভোট কেন্দ্র দখলের পায়তারা করে তাহলে ভোটাররাসহ ঢাকাবাসী সেটা প্রতিহত করবে।
সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ঢাকাবাসীকে পরিত্রাণ দেয়ার জন্য আইন প্রয়োগকারীকে সংস্থাকে কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা কিছুটা শঙ্কিত, যদিও আমি আশা করবো সকল ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং তাদের ভোট প্রয়োগ করবেন। কয়েকদিন আগে আমরা অত্র এলাকায় দেখেছি যে আমাদের কাউন্সিল প্রার্থী রোকনউদ্দিনের ক্যাম্পে সেখানে বিএনপির মেয়র প্রার্থী তিনি নিজে উপস্থিত হয়ে আক্রমণ করেছেন ৮ ও ৩৯ নং ওয়ার্ডে।
আমরা এটাও খবর পেয়েছি ১৭০টি কেন্দ্র দখলের একটা ষড়যন্ত্র এবং পায়তারা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো যাতে তারা আশু পদক্ষেপ নেয়, যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে নৌকার বিপুল ভোটে বিজয় হবে।
নির্বাচনি প্রচারণার শেষ দিনে ঢাকাবাসীকে উন্নত ঢাকা গড়তে নৌকার পক্ষে রায় দেয়ার আহ্বান জানিয়ে শেখ তাপস বলেন, আমি বিশ্বাস করি ঢাকাবাসী ১ ফেব্রুয়ারি নৌকা মার্কায় আমাকেসহ কাউন্সিল প্রার্থীদের নির্বাচিত করে তাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়ে উন্নত ঢাকার পক্ষে তারা রায় দেবেন। আমাদের উন্নয়নের রূপরেখা এবং নির্বাচনের যে ইশতেহার দিয়েছি, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। আমরা স্বত:স্ফূর্ত সাড়া পাচ্ছি এবং ঢাকাবাসী অধীর আগ্রহে আছে ভোট দেয়ার জন্য।
ঢাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এই প্রাণের ঢাকা যে ঢাকাকে আমরা ভালোবাসি, স্বপ্ন দেখি; সেই ঢাককে উন্নত ঢাকা হিসেবে গড়ে তোলার এটাই সুযোগ। দলমত নির্বিশেষে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে একজন যোগ্য ব্যক্তিকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আপনাদের রায় প্রদান করবেন।
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিনি আহমেদ মহি, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিনের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।