শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, মওদুদ সাহেব মিটিং করতে পারবেন, পথ সভাও করতে পারবেন কিন্তু আমি পারবো না। উনারা (বিএনপি) যখন বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড। এটা কোন দেশের লেভেল প্লেয়িং ফিল্ড হলো। তবুও আমরা এই নিয়ম মানি। কিন্তু এখানে যারা আছেন আমরা তো মন্ত্রী না সংসদ সদস্য।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম আতিকের সমর্থনে যুবলীগ আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আনিসুল হক যখন মেয়র ছিলেন তখন তিনি ঢাকা শহরকে কিভাবে গড়ে তুলেছেন। কিন্তু বিএনপি নেতা সাবেক হোসেন খোকা তার আগে ১২ বছর মেয়র ছিলেন। তিনি শহরের কোন কাজ করেননি। আমি বিশ্বাস করি আনিসুল হকের রেখে দেওয়া কাজ শেষ করবেন আতিকুল ইসলাম আতিক।
তিনি বলেন, আজকে বিএনপি অভিযোগ করেছে তাদের প্রার্থীকে আমরা জোরপূর্বক প্রত্যাহারের চেষ্টা করেছি। এ ধরনের কোন বিষয়ই নেই। তিনি আরও বলেন, বিএনপি পরিবারতন্ত্র নিয়ে কথা বলে, কিন্তু আমি সাউথের প্রার্থীকে (ইশরাক হোসেন) চিনি সাদেক হোসেন খোকার ছেলে হিসেবেই।
তিনি আরও বলেন, যাদের আমরা কাউন্সিল হিসেবে মনোনয়ন দিয়েছি তারা থাকবেন, কিন্তু যাদের আমরা মনোনয়ন দিতে পারি নাই, নৌকার পক্ষে আপনারা কাজ করবেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন।