বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
চট্রগ্রাম নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হচ্ছে। অন্যদিকে, সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান।
দলীয় প্রতীক নৌকা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও ধানের শীষ নিয়ে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান লড়াই করবেন। এছাড়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ চেয়ার প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল ও ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রসঙ্গত, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তাই জয়ের পথে মূল লড়াইয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ান।
উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য জাসদের মঈন উদ্দিন খান বাদল গত ১ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নির্বাচন কমিশন আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণের লক্ষ্যে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এই আসনে মোট ভোটার চার লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার দুই লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় ভোটার এক লাখ ৬৪ হাজার। কেন্দ্র সংখ্যা ১৮৯টি।