মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: রাজধানীর বিজয় সরণিতে উবার বাইক থেকে পড়ে আহত ও পরে ঢাকা মেডিকেলে নিহত ইডেন কলেজছাত্রী আকলিমা আক্তার জুঁইয়ের (২৫) নোয়াখালীর চাটখিলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
সোমবার রাতে জুঁইয়ের লাশ পৌরসভার সুন্দরপুর গ্রামে পৌঁছলে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়।
রাত ১০টার দিকে জানাজা শেষে তার লাশ পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা ও এলাকার সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।
সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট (অব.) আবুল কালাম আদরের মেয়েকে হারিয়ে নির্বাক।
মঙ্গলবার সকালে জুঁইদের বাড়িতে গিয়ে তার মা-বাবার একমাত্র বড় বোনসহ নিকটাত্মীয়দের মাঝে শোকের মাতম দেখা গেছে।
আবুল কালাম জানান, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে জুঁই তার সঙ্গে কথা বলে বাসা থেকে বের হয়। সকাল সাড়ে ৭টার দিকে বিজয় সরণিতে উবার থেকে পড়ে মারাত্মক আহত হয়। ওই সময় সুমন নামের এক প্রত্যক্ষদর্শী জুঁইকে প্রথমে আলরাজি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। বেলা সাড়ে ১০টার দিকে জুঁইয়ের এক বান্ধবী রিতা ফোন করে তাদের খবর দেয়।
আবুল কালাম জানান, সঙ্গে সঙ্গে তারা ছুটে যান ঢাকা মেডিকেলে।
জুঁইয়ের বড় বোন তানজিনা আক্তার ডালিয়া জানান, জুঁই সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকত। ভবিষ্যতে সে আইন পেশায় জড়িত হওয়ার ইচ্ছা পোষণ করেছিল। আবুল কালামের ২য় মেয়ের মধ্যে জুঁই ছিল ছোট। জুঁই চাটখিল সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।