শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় গণপূর্তের প্রকৌশলীদের জিজ্ঞাসাবাদ চলছে। আর এই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান দুদক সচিব।
দিলোয়ার বখত বলেন, ‘জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই করে দেখা হচ্ছে। দালিলিক প্রমাণ মিললেই এ ঘটনায় মামলা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজরা কোনোভাবেই পার পাবে না।’
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর গণপূর্তের ৩৩ প্রকৌশলীকে তলব করে নোটিশ পাঠান দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন। তারই অংশ হিসেবে সোমবার পর্যন্ত ২১ জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।