শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প এলাকায় আজ শনিবার ভোরে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
কুলাউড়া থানার এএসআই এরশাদ আলীর নেতৃত্বে রাতের ডিউটি শেষে সিএনজি অটোরিকশা যোগে ভোরে থানায় ফিরছিলেন। ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পুলিশবাহী সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজি চালক আল আমিন (২৫), এএসআই মো. এরশাদ আলী (৩২), কনস্টেবল জাকারিয়া আহমদ (২৫), কনস্টেবল সজল মিয়া (৩০) গুরুতর আহত হন।
ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কুলাউড়া থানার অন্য একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানি হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ট্রাক চালক ফখরুল ইসলাম (২৫) ও হেল্পার কামাল হোসেন (২১) কে এবং ট্রাকটি আটক করেছে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকসহ চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।