অনলাইন ডেক্স : বিশ্বের জনপ্রিয় সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মার্ক জাকারবার্গ। সম্প্রতি ফেসবুকের কর্মীদের সঙ্গে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাকারবার্গ। গত বৃহস্পতিবার ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে মার্ক জাকারবার্গ বলেছেন, ‘আমি জানি না কার কাছে কত পরিমাণ টাকা থাকা উচিত। তবে এক পর্যায়ে গিয়ে কারও কাছেই প্রচুর টাকা থাকা উচিত নয়।’
আগামী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে দুইজন প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন- এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডার্স। তারা দুইজনই চান না ফেসবুকের মতো কোনো প্রতিষ্ঠান গড়ে উঠুক। ফেসবুক পছন্দ নয় এটা সরাসারি বলেছেন এলিজাবেথ ওয়ারেন। আর বিশ্বে কোনো বিলিয়নিয়ার থাকা উচিত নয় বলে মনে করেন বার্নি স্যান্ডার্স।
এলিজাবেথ ওয়ারেনের ফেসবুককে ভেঙে দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এ বিষয়ে আইনি লড়াইয়ে যাবেন তিনি।
অপরদিকে, ফেসবুকের বিরোধিতা করলেও বার্নি স্যান্ডার্সের কথায় সর্মথন জানিয়েছেন জাকারবার্গ। স্যান্ডার্সের মন্তব্যে জাকারবার্গ বলেন, কোনো এক সময় গিয়ে মানুষের প্রচুর টাকা থাকা উচিত নয়। খবর বিবিসি ও সিএনবিসি।
নিজের বিপুল পরিমাণ সম্পদ নিয়ে জাকারবার্গ বলেছেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান তাদের জীবদ্দশায় সমস্ত সম্পদ দান করে যাবেন।
প্রসঙ্গত, জাকারবার্গে সম্পদের পরিমাণ হচ্ছে ৬৫.৩ বিলিয়ন মার্কিন ডলার। একমাত্র তিনি বিশ্বে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হিসেবে পরিচিত। এছাড়া তার ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে জাকারবার্গ তার মোট সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দেন।