মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ক্রিয়া >> পরপর তিন সিরিজে ধারাবাহিকতা দেখিয়ে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১, পরে গত মাসে টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। আর এখন চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষেও পৌঁছে গেছে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে পরিষ্কার লিড নিয়েছে স্বাগতিকরা।
গত মার্চে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে বছরটি শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর খেলা দশ ম্যাচের মধ্যে ৮টিতেই শেষ হাসি মাহমুদউল্লাহ রিয়াদের দলের। জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের মধ্যে ২টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে ৪টি আর এখন নিউজিল্যান্ডের বিপক্ষে জিতল আরও ২ ম্যাচ।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ৪ রানের ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর মাধ্যমে নতুন করে লিখেছে নিজেদের এক রেকর্ড। চলতি বছর এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ৮টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। যা কি না বাংলাদেশ দলের এক বছরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড।
শুক্রবার রেকর্ড গড়া জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করেছি, আমরা এই সংস্করণে ভালো দল। স্রেফ নিজেদের সামর্থ্য ও স্কিলে আস্থা রাখার বিশ্বাসটা দরকার আমাদের, যেন বাংলাদেশকে কিছু জয় এনে দিতে পারি। এবার এই ধারা (জয়ের) ধরে রাখতে পেরে আমরা খুশি।’
এর আগে ২০১৬ সালে ১৬টি ম্যাচ খেলে ৭টিতে জয় পেয়েছিল টাইগাররা। এছাড়া ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জিতেছিল ৫টিতে। এবার চলতি বছর ১৩ ম্যাচ খেলেই আগের রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের এখনও বাকি রয়েছে তিনটি ম্যাচ। এরপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্তত তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। নিজেদের রেকর্ড বাড়িয়ে কোথায় নিতে পারবে টাইগাররা, সেটিই এখন দেখার।
উল্লেখ্য, এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার বিশ্বরেকর্ড পাকিস্তানের দখলে। তারা ২০১৮ সালে ১৯ ম্যাচ খেলে জিতেছিল ১৭টিতে।