বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: মাশরাফি আয়োজিত বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চুয়াল)। কথা বলেন মাশরাফিও। ক্রিকেটার ও সাংসদ মাশরাফি বিন মর্তুজার ব্যবস্থাপনায় নড়াইলে শুরু হয়েছে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, সুনামির মতো মাদক ছড়িয়ে পড়ছে। এই মাদক ও সাইবার অপরাধ থেকে সমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজকে সুরক্ষা দিতে খেলাধুলার বিকল্প নেই। সুন্দর এই আয়োজনের জন্য তিনি তাই নড়াইলের গর্ব মাশরাফিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া মাশরাফি মুর্তজা, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, টুর্নামেন্টের আর্থিক পৃষ্টপোষক ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও মিনা বাজারের পরিচালক কাজী ইনাম আহম্মেদ কথা বলেন।
বুধবার সকাল ১০টা থেকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে পাঁচ দলের এ টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় চারণ কবি বিজয় সরকার একাদশ মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশকে ৩ উইকেটে হারিয়েছে।