শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
খুলনা রেসে টাইগার্স, প্লে-অফে ঢাকা প্লাটুন

খুলনা রেসে টাইগার্স, প্লে-অফে ঢাকা প্লাটুন

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠল ঢাকা প্লাটুন।

গতকাল মাশরাফি বিন মর্তুজার দল ৬১ রানে হারায় রংপুর রেঞ্জার্সকে। আগে ব্যাটিং করে তাসকিন আহমেদ (৩/৩২) ও মুস্তাফিজুর রহমানের (৩/৩৪) দুরন্ত বোলিংয়ের মুখে ৯ উইকেটে ১৪৫ রান তুলতে সমর্থ হয় ঢাকা।

তবে এই সংগ্রহকে পুঁজি করেই ঢাকাকে বড় জয় এনে দেন তাদের বোলাররা। মেহেদী হাসান (৩/১৩), মাশরাফি (২/১৮), শাদাব খান (২/১৪) ও ফাহিম আশরাফের (২/২৬) নিখুঁত বোলিং রংপুরকে গুটিয়ে দেয় মাত্র ৮৪ রানে। এ হারে প্লে-অফে ওঠার সুযোগ শেষ রংপুরের।

গতকাল আগের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়ে প্লে-অফের পথে এক ধাপ এগিয়ে গেল মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। তবে এ হারে কুমিল্লার সেরা চারে থাকার স্বপ্ন অনেকটাই শেষ। ১৮০ রানের লক্ষ্যে সাব্বির রহমানের ব্যাটে জবাবটা ভালোই দিচ্ছিল কুমিল্লা। কিন্তু রবি ফ্রাইলিংকের বিধ্বংসী বোলিংয়ে শেষ পর্যন্ত কুমিল্লাকে থামতে হয় ১৪৫ রানে। ফলে ৩৪ রানের জয় পায় খুলনা। মাত্র ১৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ফ্রাইলিংক।

কুমিল্লার শুরুটা একেবারেই ভালো ছিল না। দলীয় ২২ রানের মাথায় তারা হারায় ভ্যান জিলকে। ১৩ বলে ১২ রান করা জিলকে ফিরিয়ে খুলনাকে প্রথম সাফল্য এনে দেন ফ্রাইলিংক। কুমিল্লার ভরসার প্রতীক হয়ে মাঠে নামেন ডেভিড মালান। তিনি এসে জুটি গড়েছিলেন সাব্বিরের সঙ্গে। কিন্তু মাত্র ১ রান করে শফিউল ইসলামের বলে উইকেটের পেছনে ধরা পড়েন মালান। ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কুমিল্লা।

তবে সাব্বির ও সৌম্য সরকারের জুটিতে কিছুটা ধাক্কা সামলে নেয় তারা। কিন্তু ফের আঘাত হানেন ফ্রাইলিংক। ফিরিয়ে দেন ১৭ বলে ২২ রান করা সৌম্যকে।

ফ্রাইলিংক নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মাহিদুল অংকনকে। ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি অংকন। প্রান্ত আগলে রাখা সাব্বিরের সঙ্গে জুটি গড়েন ইয়াসির আলী। এ জুটিতে ফের জয়ের স্বপ্ন উজ্জ্বল হয় কুমিল্লার।

তবে গুরুত্বপূর্ণ সময়ে সাব্বিরকে ফিরিয়ে খুলনাকে ফের ম্যাচে নিয়ে আসেন মোহাম্মদ আমির। ৩৯ বলে সাত চার ও দুই ছয়ে ৬২ রান করেন সাব্বির। একটু পর ইয়াসিরও ফিরে কুমিল্লার হার এক রকম নিশ্চিত হয়ে যায়। ১৫ বলে ২৭ রান করা ইয়াসিরকে ফেরান শহিদুল ইসলাম। এরপর দ্রুত উইকেট হারিয়ে একপর্যায়ে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন ফ্রাইলিংক।

এদিন টস জিতে খুলনাকে আগে ব্যাট করতে পাঠায় কুমিল্লা। কিন্তু কুমিল্লার সেই সিদ্ধান্তকে শুরু থেকেই ভুল প্রমাণ করতে থাকেন খুলনার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। দুজনে দারুণভাবে দলকে টেনে নিতে থাকেন। এ দুজন মিলে দলকে দ্রুত পার করে দেন অর্ধশত রানের কোটা। পরে দশম ওভারে শান্তর বিদায়ের মাধ্যমে ভাঙে এ জুটি। বিপিএলে বল হাতে আলো ছড়ানো সৌম্য সরকার কুমিল্লাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। ২৯ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় তিনি করেন ৩৮ রান। তিনি ফেরেন সানজামুলকে ক্যাচ দিয়ে। এরপর মিরাজের সঙ্গে জুটি গড়েন দারুণ ছন্দে রাইলি রুশো। এ জুটিটি স্থায়িত্ব পায় দলীয় ৯৪ রান পর্যন্ত। পরে ডেভিড ভিজের বলে মিরাজের বিদায়ে ভাঙে জুটি।

দুই ওপেনারের তৈরি করে দেয়া ভিত্তির ওপর ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন রাইলি রুশো। তাকে যোগ্য সঙ্গ দেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। অবিচ্ছিন্ন থেকে এ দুজন ইনিংস শেষ করে আসেন। বিধ্বংসী রুশো অপরাজিত থাকেন ৩৬ বলে ছয় চার ও চার ছক্কায় ৭১ রান করে। তাকে দারুণ সঙ্গ দেয়া মুশফিক টিকে থাকেন ১৭ বলে দুই চারে ২৪ রান করে। খুলনা শেষ পর্যন্ত থামে ১৭৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৭৯/২ (রুশো ৭১*, মিরাজ ৩৯, শান্ত ৩৮; ওয়েইস ১/৩০, সৌম্য ১/৩৯)। কুমিল্লা ওয়ারিয়র্স: ১৮.২ ওভারে ১৪৫/১০ (সাব্বির ৬২, ইয়াসির ২৭, সৌম্য ২২; ফ্রাইলিংক ৫/১৬, আমির ২/১৮, শহিদুল ২/৩৪)। ফল: খুলনা ৩৪ রানে জয়ী। ম্যাচসেরা: রবি ফ্রাইলিংক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯