শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: কবে অবসর নিচ্ছেন ধোনি, এই প্রশ্নের উত্তরে ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, নিজের মতো করে অবসর নেওয়ার অধিকার ধোনি অর্জন করেছেন। সিদ্ধান্ত তার। তাই বলে কি আলোচনা থেমে থাকে। ইংল্যান্ড বিশ্বকাপের পরে জাতীয় দলের জার্সি পরেননি তিনি। ওদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক খেলতে চাইলে ধোনিকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে বলেছেন। ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন ধোনি। ভারতের ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘জানুয়ারির আগে কোনো প্রশ্নের উত্তর নয়।’
জানুয়ারিতে উপলক্ষ্যটা কী তা নিয়েও ধোনি কোন জবাব দেননি। ধোনি টেস্ট ফরম্যাট থেকে সরে গেছেন প্রায় পাঁচ বছর আগে। এরপর সীমিত ওভার ক্রিকেটে নিয়মিত খেলে গেলেও ২০১৯ বিশ্বকাপের পর আর খেলতে নামেননি। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে সরে দাঁড়ান ভারতের সেনাবাহিনীর সঙ্গে সময় কাটানোর জন্য।
এরপর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজে না খেলার জন্য অবশ্য কোনো কারণ শোনা যায়নি। আসন্ন উইন্ডিজ সিরিজেও থাকছেন না। তার অনুপস্থিতিতে জাতীয় দলের ওয়ানডে ও টি২০ ফরম্যাটে ঋষভ পান্তকে খেলাচ্ছেন নির্বাচকরা। বিশ্বকাপ নিয়ে ভারত তাদের তরুণদের নিয়ে ভাবনার কথা আগেও জানিয়েছেন। ধোনি ইস্যু সরিয়ে তারা সামনের দিকে তাকাচ্ছেন।
দু’দিন আগে কোচ রবি শাস্ত্রী মন্তব্য করেন, সামনের আইপিএলের পরই ধোনিকে নিয়ে ভাবা হবে। সব মিলিয়ে ধোনির অবসর-পরিকল্পনা এখন ভারতীয় ক্রিকেটের বড় ইস্যু। যার জবাব জানুয়ারির আগে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন। তার অবসর নিয়ে তাই এখনই বেশি উত্তর না খুঁজে অপেক্ষা করতে বলেছেন তিনি।