বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে দলিল জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চরবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর লামচরী এলাকার মৃত জালাল উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ আমানউল্লাহ, মৃত শাহানাজ (শাহআলম) হাওলাদারের ছেলে রানা হাওলাদার এবং মৃত আঃ কাদের হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম (শাহিন)।
মামলার বাদী হাকীম আলী ব্যাপারী জানান, আসামিরা তার পৈতৃক সম্পত্তির ভুয়া দলিল তৈরি করে তা জোরপূর্বক দখল ও চাষাবাদের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি বরিশাল মেট্রোপলিটন কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ওয়ারেন্ট জারি হলে কাউনিয়া থানা পুলিশ উত্তর লামচরী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
বাদী আরও অভিযোগ করেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত এবং তারা সাধারণ মানুষের জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের ওপর জুলুম, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথেও তারা জড়িত বলে তিনি উল্লেখ করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হবে।