বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। এবার তিনি রেগেমেগে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন! নিউজিল্যান্ড সফরে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান প্রশাসকের সঙ্গে কাজ করা সম্ভব নয় বলে মনে করেন আমির। তাই তার এই কঠোর সিদ্ধান্ত। আমিরের অভিযোগের তীর ওয়াকার ইউনিসের দিকে। অস্ট্রেলিয়া সফরে হারের জন্য আমিরকে সরাসরি দায়ী করেছিলেন ওয়াকার। পাকিস্তানি সংবাদমাধ্যমের সামনে সরাসরি আমির বলেছেন, ‘আপাতত ক্রিকেট ছেড়ে দিচ্ছি। মানসিকভাবে আমার উপর অত্যাচার করা হচ্ছে। ২০১০-১৫ মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলাম। এখন নতুন করে আরো একবার এমন অত্যাচার আর সইতে পারব না। এখন পাকিস্তানে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলব। তারপর নিজের সিদ্ধান্তের কারণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেব।’ টেস্ট ক্রিকেট থেকে গত বছর সরে দাঁড়ানোর পর থেকেই নাকি আমিরের উপর অত্যাচারের সূত্রপাত! আমির পাকিস্তানি সংবাদ মাধ্যমে আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি লম্বা ফরম্যাটে অবসর নিয়ে বেশি করে সীমিত ওভারের ক্রিকেট খেলতে চাইতাম। তবে মাঝেমাঝেই আমাকে নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। বোলিং কোচ বলে দিলেন আমি ঠকিয়েছি। একজন বললেন, আমি ওয়ার্কলোড নিতে পারছি না।’ এ ব্যাপারে এখন পর্যন্ত পিসিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।