শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :: করোনা দুর্যোগের মধ্যে বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ ৫ মে এক বিবৃতিতে ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, করোনা দুর্যোগের সময় কাউকে ছাঁটাই করা যাবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পরও, আলোকিত বাংলাদেশ, বার্তা সংস্থা ইউএনবি, গাজী টিভি, এশিয়ান টিভি ও এসএটিভি থেকে শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে ছাঁটাই করা হয়েছে, যা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে চ্যালেঞ্জ করার শামিল।
নেতারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মালিকরা যেন করোনা মহামারিকে একটা সুযোগ হিসেবে বিবেচনায় নিয়ে ঢালাও ছাঁটাইয়ের মহোৎসব শুরু করেছেন।
তারা অবিলম্বে ছাঁটাইকৃতদের পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, অন্যথায় গণমাধ্যমের কতিপয় অমানুষ মালিকের বিরুদ্ধে ইউনিয়নের নেতৃত্বে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীরা কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে। তখন দালালরাও তাদের রক্ষা করতে পারবে না।
তারা আরো বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষার জন্যই গণমাধ্যম মাফিয়াদের মুখোশ উন্মোচন করাসহ প্রতিরোধের সময় এসেছে।