সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ১১ জন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছে। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে এ বিষয়ে কথা বলতে চায় দলটি।
রবিবার (৫ জানুয়ারি) বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন।
বিএনপির চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার (৬ জানুয়ারি) বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ১১ জন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎ করতে চান। এজন্য তাদের সাক্ষাতের সময় চেয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়াসহ আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ও তার এজেন্টদের হয়রানি বন্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি।