শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক, বানারীপাড়া ॥ বানারীপাড়ার কৃতি সন্তান মাসুদুর রহমান পুলিশের এআইজি(প্রশাসন) হিসাবে যোগদান
করেছেন। তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে পুলিশ হেডকোয়ার্টার্সে এই পদে যোগদান করেন। গত সোমবার তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
মাসুদুর রহমান ২০০৭ সারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)’র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার( এডিসি) হিসেবে জনসংযোগ শাখায় যোগদান করেন। ২০১২ সালের আগস্টে তিনি ডেপুটি কমিশনার(ডিসি) হন এবং ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্টে পুলিশের একটি বড় কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। ২০১৬
সালে দ্বিতীয় দফায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)’র জনসংযোগ শাখার উপ-কমিশনার(ডিসি) হিসেবে দায়িত্ব পান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে তিনি দীর্ঘ প্রায় নয় বছর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার(এডিসি) ও ডেপুটি কমিশনার(ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মাসুদুর রহমান বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চাউলাকাঠি গ্রামের কৃতি সন্তান। তিনি বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুলের সাবেক সহকারী শিক্ষক প্রয়াত হাবিবুর রহমান ঢালী’র ছেলে ও বরিশাল শেবাচিম হাসপাতালের বিভাগীয় প্রধান(সার্জারী) ডা. জহুরুল হক মানিকের ছোট ভাই। মাসুদুর রহমান ঐতিহ্যবাহী বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব।
এদিকে বানারীপাড়ার কৃতি সন্তান মাসুদুর রহমান পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি(প্রশাসন) হিসাবে যোগদান করায় বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্য-সহ বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কে. এম. শফিকুল আলম জুয়েল, রেজাউল ইসলাম বেল্লাল, প্রভাষক মামুন আহমেদ, সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক সজল চৌধুরী, ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক প্রমুখ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।