সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক কলেজছাত্রীকে বাড়ি থেকে অপহরণের চেষ্টার ঘটনায় ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ ঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ ৩৯ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের দায়ের করেছেন। আটককৃত ১০ জনকে পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।
আটককৃতরা হলো- ওই উপজেলার জিয়ারুল ইসলাম, আজিজুল হাকিম সুমন, মো. শরীফুল ইসলাম রিয়াদ, মোজাম্মেল হক, আশরাফুল ইসলাম, রাজিব মিয়া, হিমেল মিয়া, শরীফ মিয়া, মো. রাজন মিয়া ও ঈশ্বরগঞ্জ উপজেলার রোমান।
পরিবার ও মামলার বিবরণে জানা গেছে, ওই কলেজছাত্রীর বাড়ি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামে। সে গৌরীপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজে আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো একই ইউনিয়নের ধুরুয়া রামনাথপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আশিক। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও আশিক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা থেকে বিরত হয়নি। সম্প্রতি পরিবারের লোকজন ওই ছাত্রীর বিয়ে ঠিক করলে বিষয়টি আশিক জানতে পারে। এরপর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে আশিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ছাত্রীর বাড়িতে হামলা করে তাকে অপহরণের চেষ্টা চালায়। ওই সময় পরিবারের লোকজনের চিৎকার শোনে গ্রামবাসী ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের ঘেরাও করে ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটকের পর ওই রাতেই গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন নেতৃত্বে পুলিশের একটি টিম আটককৃতদের থানায় নিয়ে আসেন।
গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, ‘কলেজছাত্রী অপহরণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আটককৃত ১০ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।’
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া বলেন, ‘কলেজছাত্রীকে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।