শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে শহরের বিসিক শিল্পী নগরী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কালাইমারা এলাকার আব্দুস সাত্তার খানের ছেলে এ কে এম আব্দুল্লাহ নোমান ওরফে রিয়াদ খানের সঙ্গে কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ের প্রায় এক বছর আগে গোপনে বিয়ে হয়। এর আগে মিমের আরেকটি বিয়ে হয়েছিল এবং সেই ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। সব জেনেশুনেই তাকে বিয়ে করেন রিয়াদ। পরে তারা বিসিক শিল্পী নগরী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। কয়েক মাস ধরে সন্তানকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। গতকাল রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
মিমের মা রোখসানা বেগম আক্ষেপ করে বলেন, ‘আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে রিয়াদ। আমাকে ফোন দিয়ে লাশ নিতে বলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
মিমের আত্মীয় সাহানা বলেন, ‘রিয়াদ গলা টিপে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘পারিবারিক কলহের জেরে মেয়েটি হত্যা হয়েছে। এটাই আমাদের প্রাথমিক ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’