শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নরসিংদীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণিরর ছাত্র জোনায়েদ (৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্র জুনায়েদের লাশ উদ্ধারের সময় তার পরিবার পরিজনের মধ্যে শোকের মাতম দেখা যায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি জোনায়েদ। পরিবারের খোঁজাখুঁজির পর আজ বুধবার সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সদর মডেল থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ তার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড কি না।
তিনি আরও বলেন, পরিবার থেকে অভিযোগ অনুয়ায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।