মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> একাদশে ফিরেই দুর্দান্ত বোলিং উপহার দিলেন নাসুম আহমেদ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরাও বল হাতে ধরে রেখেছেন ছন্দ।
ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে দ্বিতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য ১০৪ রান।নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের অভিযানে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে বল বেছে নেন লিটন কুমার দাস। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই জোড়া আঘাত হানেন নাসুম। দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউডকে (১০ বলে ৮) মিড অনে বানান তাওহীদ হৃদয়ের সহজ ক্যাচ। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন নতুন ব্যাটার আনিল তেজা নিদামানুরু (১ বলে ০)। সহজ ক্যাচ নিতে ভুল করেননি পারভেজ হোসেন ইমন।
দশ ওভারের মধ্যে আরও দুই উইকেট হারায় সফরকারীরা। সাইফ হাসানের থ্রোয়ে রান আউট হন নোয়াহ ক্রোস। পরের বলে সারিজ আহমেদকে কট বিহাইন্ড করেন তানজিম। ১০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৬১ রান।
পাওয়ার প্লের মধ্যে ওপেনার ভিক্রামজিৎ সিংকে (১৭ বলে ২৪) ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তানজিম হাসান সাকিবের ক্যাচ বানান তাসকিন।
খানিক পর উইকেট শিকারের উৎসবে যোগ দেন মুস্তাফিজুর রহমান। নবম ওভারে আক্রমণে এসেই অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (১১ বলে ৯) ইমনের হাতে ক্যাচ বানান।
পরের ওভারে মুস্তাফিজের স্লোয়ার পড়তেই পারেননি একাদশে ফেরা সিকান্দার জুলফিকার (৩ বলে ২)। সরাসরি বোল্ড হন তিনি।
১৪তম ওভারে বোলিংয়ে ফিরে কাইল ক্লেইনকে (৭ বলে ৪) ব্যাকওয়ার্ড স্কয়ারে জাকের আলির হাতে ক্যাচ বানান তাসকিন। পল ফন মিকেরেনকে (৭ বলে ৩) এলবিডব্লিউয়ের ফাদে ফেলে তৃতীয় শিকার ধরেন নাসুম।
শেষ উইকেটে ২২ রানের জুটিতে একশ পার করে নেদারল্যান্ডস। তাতে সবচেয়ে বড় অবদান ন’য়ে নামা আরিয়ান দত্তের। শেষ ব্যাটার হিসেবে মেহেদি হাসানের বলে বোল্ড হওয়ার আগে ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩০ রান করেন তিনি।
২১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার নাসুম আহমেদ। দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ১৭.৩ ওভারে ১০৩ (ও’ডাউড ৮, ভিক্রামজিৎ ২৪, নিদামানুরু ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, ক্রোস ২, জুলফিকার ২, ক্লেইন ৪, প্রিঙ্গল ১৬, আরিয়ান ৩০, ফন মিকেরেন ৩, ডোরাম ২*; মেহেদি ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২-২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩-০-১৮-২)।