সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> খুশকির সমস্যা দেখা যায় অনেকেরই। মাথার ত্বকে শুষ্কতা বাড়ে, স্ক্যাল্পে চুলকানি, সংক্রমণ ও চুল পড়ার মতো সমস্যা শুরু হয়। খুশকি উপেক্ষা করলে তা দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি ডেকে আনতে পারে। বাজারে নানা ধরনের অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু থাকলেও সেগুলো সবসময় স্থায়ী সমাধান দিতে পারে না।
রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান, যা খুশকির বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা গড়ে তোলে। তবে সরাসরি রসুন ব্যবহার করলে চুলের গোড়ায় জ্বালাভাব হতে পারে, তাই অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই সবচেয়ে ভালো।
এমন অবস্থায় ঘরোয়া কিছু পদ্ধতি অনেক সময় দারুণ কাজে দেয়। আর সেসবের মধ্যে অন্যতম কার্যকর একটি উপাদান হলো রসুন।
চলুন, জেনে নিই রসুন দিয়ে কিভাবে তৈরি করবেন খুশকি দূর করার ঘরোয়া হেয়ার প্যাক।
রসুন তেল ও নারিকেল তেল
২ চামচ রসুন তেল, ৪ চামচ নারকেল তেল। এই মিশ্রণ হালকা গরম করে স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বকে সংক্রমণ কমাতে ও রুক্ষতা দূর করতে সাহায্য করে।
রসুন তেল ও জলপাই তেল
২ চামচ রসুন তেল, ৫ চামচ জলপাই তেল। এই দুই উপাদান ভালোভাবে মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এটি খুশকি কমাতে এবং স্ক্যাল্প নরম রাখতে সাহায্য করে।
রসুনের পাউডার ও দই
২ চা চামচ রসুনের পাউডার, ৫ চামচ টক দই, সামান্য পানি। প্রথমে স্ক্যাল্পে নারিকেল তেল ম্যাসাজ করুন। এরপর এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন। এই প্যাকটি স্ক্যাল্প পরিষ্কার করে ও চুলে উজ্জ্বলতা আনে।
রসুন তেল, মধু ও লেবুর রস
২ চামচ রসুন তেল, ১ চামচ মধু, ২ চামচ লেবুর রস। এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। শাওয়ার ক্যাপ পরে ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন। এই মিশ্রণটি খুশকি কমানোর পাশাপাশি স্ক্যাল্প পরিষ্কার করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
রসুন ও অ্যালোভেরা জেল
২ চা চামচ রসুনের রস, ৪ চামচ অ্যালোভেরা জেল। ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করুন। এটি ত্বকে শীতলতা এনে প্রদাহ ও খুশকি কমায়।
টিপস:
ভালো মানের প্রাকৃতিক তেল ও উপাদান ব্যবহার করাই সবচেয়ে উপকারী।
এই প্যাকগুলো সপ্তাহে ১–২ বার ব্যবহার করতে পারেন।
ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন, যদি ত্বক সংবেদনশীল হয়।
সূত্র : দ্য ওয়াল