বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
একুশের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্যদিয়ে জাতি ন্যায়, সাম্য ও অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান ঢাকা–২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ বলেন, একুশ কেবল শোকের দিন নয়, এটি প্রতিবাদ, আত্মমর্যাদা ও গণঅধিকারের প্রতীক। ভাষা আন্দোলনের শহিদরা মাতৃভাষার মর্যাদা ও বাঙালির আত্মপরিচয়ের প্রশ্নে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন।
আমানউল্লাহ আমান বলেন, একুশের প্রকৃত তাৎপর্য হলো বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই আদর্শ ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়া হবে। মাতৃভাষার মর্যাদা রক্ষা, সংস্কৃতির বিকাশ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করাই হবে তাঁদের অঙ্গীকার।
তিনি আরো বলেন, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই ভাষা শহিদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। একুশের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।