শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> রাজধানীর পল্টন জিপিও মোড়ে বাসচাপায় বৃদ্ধ নিহত হয়েছেন। ৭৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম আব্দুল জব্বার শরিফ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিপিওর প্রধান গেটের সামনে বাসচাপায় গুরুতর আহত হন তিনি। পরে পল্টন থানা পুলিশ ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার এএসআই মো. দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যার দিকে জিপিওর প্রধান গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। ওই সময় মতিঝিলগামী ওয়েলকাম নামে একটি বাস ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনি।
তিনি জানান, ওই বৃদ্ধের কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়।
মেয়ে হামিদা আক্তার মুঠোফোনে জানান, তার বাবার নাম আব্দুল। তাদের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তার বাবা বন্ধুর সঙ্গে দেখা করতে কাকরাইল যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন