রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় মাইক্রোবাসের তিন আরোহী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার শাহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কমলাটিলা এলাকার ইয়াছিন আলীর ছেলে মাইক্রোবাসচালক মো. ছাদির আলী (২৫), কুলাউড়া থানার মাদারনগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান (১৫) ও কমলগঞ্জ থানার বেরাছরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সালাম মিয়া (৩২)।
আহতরা হলেন- মাদানগর গ্রামের মো. নুরুল হক (৫১), একই গ্রামের আ. হকের ছেলে রাজু আহমদ (২৬), মো. আঞ্জব আলী (৬০), মৃত আ. সালামের স্ত্রী মোছা. সাদিয়া বেগম (২৬) ও শিশু কন্যা মোছা. হাবিবা আক্তার (২)।
তাদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান।
রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।