শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে । শুক্রবার (১০ জুন) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত দারুসসালাম থানা এবং নয় ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরষ্কার থাকতো তাহলে বিএনপি মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) তা পেতেন।
বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনা সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাতেই মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।
এসময় প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কি অপরাধ?
আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের দুঃসময়ের নেতাকর্মীদের বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।
নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া এক সময় বলেছিলেন, শিশু-পাগল ছাড়া দেশে নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?
আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই তাই খারাপ লোকদের দলে রাখার কোনো প্রয়োজন নেই বলে জানান দলের সাধারণ সম্পাদক।