মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
মামুন আহমেদ >> বরিশালের বানারীপাড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নির্মা জাহান ফাতিহা (১৪) নামে এক স্কুল ছাত্রীকে জোর করে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) বিকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। ওই শিক্ষার্থী উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের হাসিনা মোর্শেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্মা জাহান ফাতিহা ও তার সহপাঠি মোসা. মুনিয়া আক্তার শনিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় প্রতিদিনের ন্যায় স্কুল শেষে বের হয়ে ঈদগাঁহ নামক স্থান থেকে বরিশাল-বানারীপাড়া সড়ক পথে নিজবাড়ি ফিরতে অটোগাড়িতে উঠলে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামের সালাম ডাকুয়ার ছেলে ১নং আসামী মিরাজ ডাকুয়া (১৯) ও ২নং আসামী একই গ্রামের আবু ডাকুয়ার ছেলে লাদেন ডাকুয়া তাদের বহনকারী অটোগাড়ির গতিরোধ করে জোরপূর্বক অটোতে ওঠে। অটোটি রায়েরহাট বাজারের দক্ষিণ পার্শ্বে হোন্ডা স্ট্যান্ডে পৌঁছলে আসামীদ্বয় ফাতিহাকে প্রেমের প্রস্তাব দেয় এবং গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এতে ফাতিহা ও মুনিয়া বাধা দিলে ফাতিহার হাতে থাকা ১ হাজার ৯ শত টাকা মূল্যের বাটন নকিয়া মোবাইল সেট নিয়ে যায় এবং খুন -জখমের হুমকি দেয় ও মারধর করে।
এক পর্যায়ে মিরাজের হাতে থাকা কীটনাশক জাতীয় কিছু (বিষ) জোরপূূর্বক ফাতিহার মুখে ঢেলে দিয়ে মুখ চেপে ধরে এবং বিষ পেটের ভিতরে ঠোকানোর জন্য আপ্রাণ চেষ্টা করলে ধ্বস্তাধস্তি হয় এ সময় অটোচালক ও স্থানীয়রা ফাতিহাকে মুর্মূর্ষু অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণির নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে বখাটে মিরাজ ডাকুয়াকে পার্শ্ববর্তী আলতা গ্রাম থেকে আটক করে।
মামলার বাদী ফাতিহার মা জানান, তার মেয়েকে মিরাজ ডাকুয়া প্রায়ই উত্ত্যক্ত করতো। আমরা এর কঠিন শাস্তি চাই। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মামলা দায়ের হয়েছে। আসামীকে রবিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।