সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিনের জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজ মাঠে প্রথম ও বেলা সাড়ে ১১টায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং দুপুর ১২টায় নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে পিতা ও ভাইয়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
জানাজায় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ইলুহার ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত (সান্ত), সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাবেক চেয়ারম্যান মো. ওমর ফারুক, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন, পৌর কাউন্সিলর সুমন খান, যুবলীগ নেতা মহসিন রেজা, তপু খান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জানাজায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে।
উল্লেখ্য, অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত হলে ওই দিন সকালে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত আ. হালিম তার বড় ভাই।
অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে আমৃত্যু অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠান দুটির অবকাঠামো ও শিক্ষার উন্নয়নে আজীবন অক্রান্ত পরিশ্রম করে গেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বিশারকান্দির অবহেলিত জনপদে এ প্রতিষ্ঠান দুটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।