রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৬২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১৫৫ জনের প্রাণহানি হলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৩৯ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৩০৯ জনের। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩৩২ জনের। নমুনা সংগ্রহের হার বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টা মারা যাওয়া ব্যক্তিদের সবার বয়স ৬০ বছরের উপরে। মৃতরা সবাই ঢাকার বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১১১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ২৪৮ জন।